মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাবেক সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের স্বাধীনতা রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেমরা দোয়া পরিচালনা করেন। পরে প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ, বিএনপি নেতা ফিরোজ হোসেন খোকন, আনিসুর রহমান, মেম্বার আসাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মতিনুর রহমান মাতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান পল্টু।