মাধবদী (নরসিংদী)
নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া পৌলানপুর এলাকায় এক কিশোরী ধ*র্ষণের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আব্দুল বাসেদ মিয়া ও তার পরিবার। আজ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল বাসেদ মিয়া বলেন, "পৌলানপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ১ জন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল আমার নির্বাচনী জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করতে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে আমাকে, আমার ছেলে ও পরিবারকে জড়িয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোনো দূরতম সম্পর্কও নেই।"
তিনি আরও অভিযোগ করেন, আলমগীর নামের ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেন। একই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
এদিকে ঘটনার বিষয়ে বান্ধব টেক্সটাইল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার রাতে ওই নারী শ্রমিক ডিউটিতে আসেননি। অসুস্থতার কথা বলে রাত ১০টার দিকে তিনি ছুটি নিয়েছিলেন।
অন্যদিকে, ভুক্তভোগী কিশোরীর মা জানান, "ঘটনাস্থলে ধর্ষণের কোনো ঘটনা আমরা নিজেরা শুনিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকের মাধ্যমেই আমরা বিষয়টি প্রথম জানতে পেরেছি।"
বর্তমানে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।