বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও নিজ বাড়িতে বসবাসে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সবুজ মিয়া। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে হাইকোর্ট থেকে তিনি ও তার পরিবারের আরও পাঁচ সদস্য জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরও মামলার প্রতিপক্ষ বাচ্চু ও মাহফুজ গংদের কারণে তারা নিজ পৈত্রিক ভিটায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড়িতে বসবাসে বাধা সৃষ্টি করছে।
সবুজ মিয়া বলেন, “আমরা এই অন্যায় হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।