রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরা উপজেলার চরশুবুদ্ধি আব্দুল্লাহপুর গ্রামের আলোচিত আওয়ামী লীগ নেতা, একাধিক হত্যা ও সহিংসতা মামলার প্রধান আসামি ফরহাদ আলম স্বপন রাতারাতি বিএনপি সেজে এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিগত ১৭ বছর ধরে সাবেক মন্ত্রী ও এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর প্রভাবে এলাকায় খুন, চাঁদাবাজি, রাহাজানি এবং টেঁটা যুদ্ধের রাজত্ব কায়েম করা এই স্বপনের আকস্মিক দলবদলে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
স্থানীয় ও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরশুবুদ্ধি ইউনিয়নে নৌকার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছে স্বপন। দিনের ভোট রাতে কেটে নেওয়া এবং বিএনপির নেতাকর্মীদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার মূল হোতা ছিল সে। তার নিজস্ব অস্ত্রধারী বাহিনীর ভয়ে তৎকালীন সময়ে নরসিংদী জেলা পুলিশও একপ্রকার অসহায় ছিল।
গত ৫ই আগস্ট (৩৬শে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান) এর পর কিছুদিন গা ঢাকা দিলেও, সম্প্রতি বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিএনপির কতিপয় অসাধু নেতার ছত্রছায়ায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা চালাচ্ছে স্বপন। বর্তমানে তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এবং নেতাদের ফুলের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।
ইউনিয়ন বিএনপির একাধিক শীর্ষ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "যার অত্যাচারে গত ১৭ বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি, যে আমাদের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে, সে আজ টাকার জোরে রাতারাতি বিএনপি সেজে গেছে! আমরা এই হাইব্রিড ও অপরাধীর প্রবেশ কোনোভাবেই মেনে নেব না।"
স্বপন বাহিনী পুনরায় সক্রিয় হওয়ায় চরশুবুদ্ধি এলাকায় আবারও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে এই চিহ্নিত অপরাধী ও একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..