নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাছেদ মিয়া (৩৬) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ জুন (মঙ্গলবার) দিবাগত রাত ২.০৫ ঘটিকায় মাধবদী থানাধীন উত্তর চৌয়া এলাকায় আসামির নিজ বসত বাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) ইউসুফ আহম্মেদ।
অভিযান ও মাদক উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই ইউসুফ আহম্মেদ সঙ্গীয় ফোর্স (এসআই সেকেন্দার হোসেন, এএসআই পলাশ ঘোষ, কনস্টেবল মিজানুর ও মোকারিব) সহ এলাকায় বিশেষ অভিযান ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন। রাত ২.০৫ ঘটিকায় পাঁচদোনা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উত্তর চৌয়া এলাকায় মাদক বেচাকেনা চলছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ২.১৫ ঘটিকায় এসআই ইউসুফ আহম্মেদের টিম সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বাছেদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় সাক্ষী ও পুলিশ ফোর্সের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বাছেদের লুঙ্গির কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
পুরোনো মামলার বিবরণ
গ্রেফতারকৃত বাছেদ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে পূর্বের দুটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন:
১. মাধবদী থানা এফআইআর নং-৯ (তারিখ: ১৯/০২/২০২৫), ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)/৪১।
২. মাধবদী থানা এফআইআর নং-২৩ (তারিখ: ২১/০৬/২০২৫), ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক)।
আইনি ব্যবস্থা
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও আসামিকে নিয়ে থানায় হাজির হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন সেকেন্ড অফিসার এসআই ইউসুফ আহম্মেদ। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..